ঢাকা, মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোরভাবে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশ দেন। 

তিনি বলেছেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই, অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। একই সঙ্গে কিশোর অপরাধীদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

সভায় আইজিপি স্পষ্ট করে বলেন, যে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং মাদক কারবার ও মাদকদ্রব্যের বিস্তার রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিংয়ের ওপরও জোর দেন তিনি।

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি গুজব ও অপপ্রচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আইজিপি।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান। তিনি কিশোর গ্যাংয়ের পেছনে থাকা প্রভাবশালী ব্যক্তিদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। 

এছাড়া দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি ইউনিটকে নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকা এবং দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের যথাযথভাবে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেন তিনি।

ভার্চুয়ালি ও সরাসরি অনুষ্ঠিত এই সভায় আগস্ট মাসের দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা এবং ডাকাতি, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন মামলার তদন্ত ও বিচারের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি